না ফেরার দেশে সাংবাদিক ও সাবেক এমপি শফিকুর রহমান

প্রবীণ সাংবাদিক ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। শনিবার রাজধানীর বনানীর নিজ বাসায় বাথরুমে পড়ে যান তিনি। দীর্ঘ সময় সাড়া না পাওয়ায় বাথরুমের দরজা ভেঙে তাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রায় ১০ মিনিট ধরে বের না হলে বাথরুম ভেঙে দেখা যায় উনি উপুড় হয়ে পড়ে আছেন।
আরও পড়ুন: ট্রাম্পের শাসনকালে দেশীয় বিশৃঙ্খলা ও দুর্নীতির তীব্র সমালোচনা করলেন ওবামা
আরও পড়ুন: বিদেশে বাংলাদেশিদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন
মুহম্মদ শফিকুর রহমান জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ মেয়াদে টানা দুইবার এই দায়িত্ব সামলেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি সক্রিয় রাজনীতির সাথেও যুক্ত ছিলেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বর্ণাঢ্য জীবনের অধিকারী মুহম্মদ শফিকুর রহমান ১৯৪৯ সালের ২৫শে সেপ্টেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মিয়াজী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মৌলভী আবদুল হামিদ এবং মা আয়েশা খাতুন। তিনি ১৯৬৫ সালে ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসা থেকে কামিল (হাদিস) ডিগ্রি অর্জন করেন এবং ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে ১৯৭০ সালে স্নাতক ও ১৯৭১ সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ক্যারিয়ারের প্রয়োজনে ১৯৮৫ সালে জাপানের টোকিও এবং ১৯৯১ সালে জার্মানির বার্লিন ও যুক্তরাজ্যে উচ্চতর সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ইত্তেফাকসহ বিভিন্ন গণমাধ্যমে দায়িত্ব পালন করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।














