টেকনাফের হ্নীলা বাজারে অগ্নিকাণ্ড: ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

টেকনাফের হ্নীলা বাজারে অগ্নিকাণ্ড: ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা
কক্সবাজারের টেকনাফের হ্নীলা বাজারের জামাল মার্কেটে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পরপরই স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে মালিহা এন্টারপ্রাইজসহ বাজারের বহু দোকান, রেস্টুরেন্ট ও এজেন্ট ব্যাংক পুড়ে ভস্মীভূত হয়েছে।
আরও পড়ুন
বাজার পরিচালনা কমিটির অধ্যাপক জহির আহমদ ও আল মাসুদ জানিয়েছেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ছেহের মিয়ার একটি রঙের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীদের অভিযোগ, ওই রঙের দোকানে অনুমোদনহীন কেমিক্যাল মজুত ছিল, যা আগুনের তীব্রতা বাড়িয়ে দেয়। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা দ্রুত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারিভাবে সহায়তার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: সুনামগঞ্জে সিজারে নবজাতকের গলায় ক্ষতের অভিযোগ
আরও পড়ুন: সৌদির আগুনে নিহত আত্রাইয়ের সাত প্রবাসীর জানাজা সম্পন্ন




















