ইতালির সিসিলিতে জোড়া ভূকম্পন, জারি হলো সুনামি সতর্কতা

ভূমধ্যসাগরীয় উপকূলীয় অঞ্চল ইতালির সিসিলি দ্বীপে শুক্রবার, ২৩ অক্টোবর দুপুরে সিরিজ ভূমিকম্পের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে সিসিলির উত্তর উপকূলের ১০ কিলোমিটার গভীরে ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মূল ভূকম্পন ছাড়াও এদিন দ্বীপের উপকূলে সর্বমোট ১২টি ভূকম্পন রেকর্ড করা হয়েছে। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ১২টির মধ্যে বাকি ১১টি ভূকম্পনের মাত্রা ছিল ৩-এর বেশি।
আরও পড়ুন: সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার শাহেদের পরিবারে শোকের ছায়া
আরও পড়ুন: আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে নিয়োগের বিজ্ঞপ্তি
এই প্রাকৃতিক দুর্যোগের ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে। ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল সিসিলির প্রধান শহর পালার্মো থেকে ৬০ মাইলেরও কম দূরত্বে অবস্থিত। প্রায় ৬ লাখ ৪৮ হাজার ২৬০ জন মানুষের শহর পালার্মো ছাড়াও পাত্তি, লিকাটা, কাপো দ্যোরলান্দো ও কাম্পোফেলিচে দি রোক্কেলা শহরের বাসিন্দারা তীব্র কম্পন অনুভব করেছেন। উৎপত্তিস্থল থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত লিকাটা শহরেও কম্পন অনুভূত হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সিসিলির পশ্চিম উপকূলের ত্রাপানি শহরে একটি আদালত ভবন খালি করা হয়েছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট ইউকে-এর তথ্যসূত্র অনুযায়ী, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত বিবরণ পাওয়া না গেলেও সতর্কতা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পালার্মো ও মেসিনা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং সমুদ্রের কাছাকাছি চলাচলে সাবধানতা অবলম্বন করতে কমলা স্তরের সুনামি সতর্কতা জারি করা হয়। এ সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছেড়ে বেরিয়ে আসে এবং সরকারি দপ্তরগুলোও খালি করা হয়।














