কাতারে ফরাসি প্রেসিডেন্টের প্রথম সফর: লুসাইল প্রাসাদে রাজকীয় অভ্যর্থনা

ফরাসি কোনো রাষ্ট্রপতির প্রথম ঐতিহাসিক কাতার সফরকে স্মরণীয় করে রাখতে দোহায় এক বিশেষ আয়োজনের সাক্ষী হলো লুসাইল প্রাসাদ। মঙ্গলবার দেশটির আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সেখানে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। দুই বন্ধুপ্রতিম দেশের কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই ছিল এই সফরের মূল লক্ষ্য।
আরও পড়ুন: আজকের খেলার সূচি: বাংলাদেশ-আফগানিস্তান ও চ্যাম্পিয়নস লিগ
প্রাসাদে পৌঁছালে প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে ২১ বার তোপধ্বনির মাধ্যমে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয়। আনুষ্ঠানিক এই আয়োজনে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি কাতারের ঐতিহ্যবাহী ‘আরদা’ নৃত্য পরিবেশন করা হয়। এছাড়াও ঘোড়া ও উটের গার্ড অব অনার প্রদর্শনের মাধ্যমে ফরাসি নেতাকে সম্মান জানানো হয়।
আরও পড়ুন: সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক
বৈঠকের শুরুতেই আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ফরাসি প্রেসিডেন্ট ও তাঁর প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি বলেন, এই ঐতিহাসিক সফর দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের গভীরতা ও সুদৃঢ় বন্ধনের প্রতিফলন। অন্যদিকে, কাতারের আন্তরিক আতিথেয়তায় কৃতজ্ঞতা জানিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ পারস্পরিক সহযোগিতার সম্পর্ককে আরও সুদূরপ্রসারী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনায় দুই নেতা সামরিক, নিরাপত্তা, অর্থনীতি এবং যৌথ বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে অংশীদারিত্ব বৃদ্ধির ওপর জোর দেন। এ সময় আঞ্চলিক নিরাপত্তা ও সমসাময়িক আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও তাঁরা মতবিনিময় করেন। কাতারের পক্ষে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি, উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আব্দুর রহমান আল থানি এবং আমিরি দেওয়ানের প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ আল খেলাইফিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। ফরাসি প্রতিনিধিদলে ছিলেন সশস্ত্র বাহিনী মন্ত্রী ক্যাথরিন ভোত্রা এবং ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী জাঁ-নোয়েল বারোটসহ জ্যেষ্ঠ প্রতিরক্ষা ও কূটনৈতিক কর্মকর্তারা।


















