সৌদি আরবে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়াল কাতার এয়ারওয়েজ

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম রুটে নিজেদের ফ্লাইট কার্যক্রম স্থগিত রাখার মেয়াদ আগামী ২৪ অক্টোবর পর্যন্ত বর্ধিত করেছে কাতার এয়ারওয়েজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক দাপ্তরিক বিবৃতিতে কাতারের পতাকাবাহী এই রাষ্ট্রীয় বিমান সংস্থাটি এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। এর ফলে উল্লিখিত সময় পর্যন্ত রিয়াদ ও দাম্মামে সব ধরনের ফ্লাইট চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।
আরও পড়ুন: মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে যৌথ হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্র
ফ্লাইট স্থগিতের পাশাপাশি জেদ্দা রুটেও সেবা সংকুচিত করার ঘোষণা দেওয়া হয়েছে। বর্তমানে রুটটিতে আগে যেখানে প্রতিদিন নিয়মিত ৭টি ফ্লাইট পরিচালিত হতো, সেখানে এখন থেকে প্রতিদিন মাত্র ৪টি ফ্লাইট চলবে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ফ্লাইট সূচিতে এমন পরিবর্তন আনা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের
এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যেসব যাত্রীর আগে থেকেই টিকিট বুক করা ছিল, তাদের ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের অন্তত ৪৮ ঘণ্টা আগে এয়ারলাইন্সের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের অনুরোধ করা হয়েছে। এছাড়া বর্তমানে চলমান ফ্লাইট সূচি পরিস্থিতি অনুযায়ী যেকোনো সময় পরিবর্তন হতে পারে বলেও বিমান সংস্থাটি সতর্ক করেছে।
যাত্রীরা তাদের টিকিট পুনঃনির্ধারণ, বুকিং আপডেট বা সর্বশেষ তথ্য জানতে কাতার এয়ারওয়েজের অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারবেন। প্রয়োজনে এয়ারলাইন্সটির কাস্টমার সার্ভিস সেন্টারে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। আঞ্চলিক অস্থিরতার প্রেক্ষাপটে যাত্রীদের পরিবর্তিত সময়সূচি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখার অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।




















