ইসরায়েলের স্বাধীনতা দিবসে মোদিকে আমন্ত্রন জানালেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশটির স্বাধীনতা দিবস উদ্যাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেওয়া এক বার্তায় নেতানিয়াহু জানান, তিনি মোদির সঙ্গে কথা বলেছেন এবং ওই অনুষ্ঠানে একজন সাহসী ভারতীয় পাইলটের সঙ্গে তাকে মশাল প্রজ্বালনের আমন্ত্রণ জানিয়েছেন।
আরও পড়ুন: ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার ঐতিহাসিক জয়
ভারতের প্রধানমন্ত্রী এ আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়েছেন বলে উল্লেখ করেন নেতানিয়াহু। আলাপকালে মোদি মন্তব্য করেন যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও ইসরায়েল স্থল এবং আকাশ—উভয় পথেই ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারত্বের সম্পর্ক গড়ে ওঠে ২০১৭ সালের জুলাই মাসে, যখন নরেন্দ্র মোদি প্রথমবারের মতো ইসরায়েল সফর করেছিলেন।
আরও পড়ুন: ডায়েট করেও ওজন কমছে না? যে ৯টি ভুল হতে
এই বিশেষ আমন্ত্রণের কেন্দ্রে রয়েছেন ভারতীয় পাইলট স্মিত মাচ্ছর। গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে (এফজেড-১০৭৩) দায়িত্ব পালনকালে তিনি সাহসিকতার পরিচয় দেন। ওই সময় ১৭৪ জন যাত্রী নিয়ে উড্ডয়নরত বিমানের ককপিটের ভেতরে কো-পাইলট বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করলে স্মিত মাচ্ছর তাকে প্রতিহত করার পদক্ষেপ নেন।
তীব্র ধস্তাধস্তির একপর্যায়ে কো-পাইলটের হামলায় স্মিত গুরুতর আহত হন। তবে অসীম সাহসিকতায় তিনি সেই পরিস্থিতি সামাল দেন এবং ককপিটের দরজা খোলার ব্যবস্থা নিশ্চিত করেন। তার এই বীরত্বপূর্ণ ভূমিকার জন্য ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাকে বেসামরিক পদক প্রদানের জন্য ইসরায়েল সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বর্তমানে ভারত ও ইসরায়েল উভয় দেশের রাষ্ট্রপ্রধানই স্মিত মাচ্ছরের এমন সাহসিকতার ভূয়সী প্রশংসা করছেন।


















