শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাস খাদে, নিহত ৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার হাসাড়া এলাকায় ঢাকামুখী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় আরও ১৬ জন যাত্রী আহত হয়েছেন। খবর পাওয়ার পরপরই শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপ: আজও দেশের আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস
দুর্ঘটনার কারণ সম্পর্কে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দর্শনা পরিবহনের বাসটি একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় দ্রুতগতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের পানিভর্তি গভীর খাদে পড়ে যায়। উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে ১১ জনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান এবং ৫ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এ ছাড়া ঘটনাস্থলেই ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আরও পড়ুন: সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার শাহেদের পরিবারে শোকের ছায়া
নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন চুয়াডাঙ্গার বাসিন্দা রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। বাকি দুই জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মরদেহগুলো হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আহত ১৬ জনের মধ্যে রয়েছেন হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪) ও বোরহান উদ্দিন (৫৫)। তাঁরা মূলত চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, ঢাকা ও মাগুরার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।


















