অভাবের তাড়নায় সন্তান বিক্রির ঘোষণা: পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

অভাবের কারণে গর্ভের সন্তান বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন এক নারী, যার করুণ কাহিনী গত ১৩ই অক্টোবর গণমাধ্যমে প্রকাশিত হয়। প্রতিবেদনের শিরোনাম ছিল ‘গর্ভের সন্তান বিক্রি করতে চান আঁখি’। এই নারী বর্তমানে তৃতীয়বারের মতো সন্তানসম্ভবা, কিন্তু অসুস্থ স্বামীর চিকিৎসা ও অভাবের তাড়নায় তিনি এমন হৃদয়বিদারক পথ বেছে নিতে বাধ্য হয়েছিলেন। দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত পরিবারটির এই অসহায়ত্বের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে।
আরও পড়ুন: নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা আরব ভোটারদের
আরও পড়ুন: বৈষম্যহীন সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রতিবেদনটি প্রকাশের দিনই প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বিবেচনায় পরিবারটির খোঁজখবর নেয়ার জন্য তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের মাত্র এক ঘণ্টার মধ্যেই পরিবারটির সাথে যোগাযোগ স্থাপন করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ স্বামী কোনো কাজ করতে না পারায় পরিবারটি চরম ঋণের চাপে রয়েছে। ঋণের দায় শোধ করতেই আঁখি তার অনাগত সন্তান বিক্রির মতো কঠিন সিদ্ধান্ত নেয়ার চিন্তা করেছিলেন।
পরিস্থিতি জানার পর দ্রুত পদক্ষেপ নেন সরকারপ্রধান। গত রোববার আঁখি ও তার পরিবারকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়। সেখানে সহায়তা হিসেবে পরিবারটির হাতে এক লাখ টাকার একটি চেক তুলে দেয়া হয়। এছাড়া, আঁখির সন্তান প্রসবের যাবতীয় খরচ বহনের পাশাপাশি পরিবারের স্বচ্ছলতা ফেরাতে কর্মসংস্থানেরও সুনির্দিষ্ট আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।














