ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট: চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা

মঙ্গলবার দিনব্যাপী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘটের কারণে সেবা কার্যক্রম ব্যাহত হয়েছে। পার্কিংয়ের দাবির পরিপ্রেক্ষিতে আয়োজিত এই ধর্মঘটে সারা দিন চরম মানবিক সংকটের সৃষ্টি হয়। রোগী ও স্বজনরা দীর্ঘ সময় অপেক্ষার পরও অ্যাম্বুলেন্স সেবা পাননি। এ সময় অনেককে রোগী ও স্বজনদের মরদেহ নিতে পিকআপ ভ্যান, রিকশা, ভ্যান কিংবা সিএনজিচালিত অটোরিকশার ওপর নির্ভর করতে হয়েছে। জানা যায়, মঙ্গলবার ঢামেকে পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকরা দিনব্যাপী ধর্মঘট পালন করেন। পরিবহনসংকটে রোগী ও স্বজনরা প্রায় দিশেহারা।
আরও পড়ুন: শ্রীমঙ্গলে মহাসড়কের পাশ থেকে উদ্ধার বিশাল অজগর
আরও পড়ুন: ইসরায়েল নির্বাচন: নেতানিয়াহু ও আইজেনকোটের জোট এখন সমানে সমান
অভিযোগ রয়েছে, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধর্মঘটে অংশ নেয়া মালিক সমিতির অ্যাম্বুলেন্সগুলো হাসপাতালে প্রবেশ করতে পারেনি। পাশাপাশি অন্য অ্যাম্বুলেন্সগুলোকেও ঢুকতে বাধা দেয়া হয়েছে। সরকারি অ্যাম্বুলেন্সের তৎপরতাও ছিল নগণ্য। যারা জরুরি ভিত্তিতে রোগী অন্যত্র স্থানান্তর করতে চেয়েছিলেন, তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েন।
ভুক্তভোগীরা জানান, তারা অ্যাম্বুলেন্সের জন্য টানা চার থেকে আট ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করেছেন। অথচ হাসপাতালের জরুরি বিভাগ, কলেজ গেট ও নতুন ভবনের আশপাশের এলাকায় অ্যাম্বুলেন্স থাকলেও চালকরা রোগী বহনে অস্বীকৃতি জানান। এতে করে ঢাকার বাইরে থেকে আসা রোগীরা ও তাদের স্বজনরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছেন। বিশেষ করে মৃতদেহ বাড়িতে নেয়ার জন্য কোনো ব্যবস্থা করতে না পেরে অসহায় অনেক পরিবারকে শেষ পর্যন্ত বিকল্প ও অনিরাপদ যানে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে হয়েছে। কেউ চার-পাঁচ ঘণ্টা, কেউ সাত থেকে আট ঘণ্টা অপেক্ষা করেও অ্যাম্বুলেন্স না পেয়ে বিকল্প যানবাহনে রোগী ও লাশ নিয়ে গন্তব্যে রওনা হন।





















