সৌদিতে হুতি হামলার নিন্দা ও শিশুদের সুরক্ষা আইন অনুমোদন

সৌদি আরবের নিরাপত্তা সমগ্র উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) নিরাপত্তার সাথে অবিচ্ছেদ্য—এই বার্তা পুনর্ব্যক্ত করে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতারের মন্ত্রিসভা।
আরও পড়ুন: নরসিংদীর রায়পুরায় নিখোঁজের ঘটনায় বাড়ছে স্থানীয় উদ্বেগ
বুধবার দোহায় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানির সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে এই নিন্দা জানানো হয়। কাতার এই হামলাকে সৌদি আরবের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তা ও সাধারণ নাগরিকদের জন্য সরাসরি হুমকি হিসেবে অভিহিত করেছে। নিজেদের অখণ্ডতা রক্ষায় রিয়াদের প্রতিটি পদক্ষেপে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে কাতার।
আরও পড়ুন: হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলা, ইমনের নামে চাঁদা দাবি
একই বৈঠকে সম্প্রতি শূরা কাউন্সিলে মহামান্য আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া ভাষণকে সকল সরকারি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের কাজের মূল ভিত্তি হিসেবে গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিসভা সামাজিক উন্নয়ন ও পরিবার মন্ত্রণালয়ের ২০২৫-২০৩০ মেয়াদী সামাজিক কৌশলের অংশ হিসেবে শিশুদের অধিকার এবং ডিজিটাল সুরক্ষাসংক্রান্ত নতুন খসড়া আইনের অনুমোদন দিয়েছে। শিশুদের স্থিতিশীল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই খসড়াটি কাতারের ‘আল মিযান’ আইনি পোর্টাল ও ‘শারিক’ প্ল্যাটফর্মে সাধারণের মতামতের জন্য ১০ দিনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
বৈঠকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং কাতারএনার্জির যৌথ উদ্যোগে প্রস্তুত করা তেজস্ক্রিয় পদার্থের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক একটি খসড়া নির্দেশিকাও নীতিগতভাবে গৃহীত হয়েছে। পারমাণবিক বা তেজস্ক্রিয় উপাদানের পরিবহন, ব্যবহার ও সংরক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) মানদণ্ড বজায় রাখাই এই নির্দেশিকার মূল উদ্দেশ্য। এছাড়া কাতার ও আর্মেনিয়ার মধ্যকার বিচারিক সহযোগিতা এবং কাতার ও বাহরাইনের মধ্যে পরিবহন ও লজিস্টিকস খাতের উন্নয়নে স্বাক্ষরিত বিভিন্ন দ্বিপক্ষীয় সমঝোতা স্মারকের আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়েছে এই সভায়।






















